লালমনিরহাটের সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
এ কে এম কায়সারুল আলম, লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য সফুরা বেগম রুমীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তিনি নাশকতা ও হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় ডিবি পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার সফুরা বেগম রুমী লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা (উকিলপাড়া) এলাকার বাসিন্দা। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, লালমনিরহাট জেলা মহিলা লীগের সভাপতি এবং লালমনিরহাট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সংরক্ষিত নারী আসন-২ (লালমনিরহাট-কুড়িগ্রাম) থেকে সংসদ সদস্য ছিলেন।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে হত্যা, নাশকতা, প্রতারণা, দাঙ্গা, চাঁদাবাজি ও অগ্নিসংযোগসহ একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে। এর মধ্যে রাজশাহী মহানগরীর কোতোয়ালি থানার একটি হত্যা মামলা, লালমনিরহাট সদর থানার একাধিক মামলা এবং ঢাকার মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলা উল্লেখযোগ্য।
এছাড়া জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি লালমনিরহাট ত্যাগ করে ঢাকায় আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকেই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন।
এ বিষয়ে লালমনিরহাট পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Комментариев нет


News Card Generator