নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা-এর বসুরহাট-এ সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। নোয়াখালী-৫ আসনের সাবেক এমপি পদপ্রার্থী স্থানীয় ইঞ্জিনিয়ার মোঃ নওশাদের উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পবিত্র রমজান মাসের তাৎপর্য, আত্মশুদ্ধি ও সামাজিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়। বক্তারা বলেন, রমজান মাস মানুষের মাঝে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে এবং সমাজে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মাওলানা মাকসুদুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, রমজান কেবল সংযমের মাসই নয়, এটি আত্মশুদ্ধি ও মানবিক গুণাবলি বিকাশেরও মাস। এ সময় তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার আহ্বান জানান।
পরে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি কামরুল হাসান। দোয়ায় দেশের অগ্রগতি, মানুষের কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।
ইফতার মাহফিলটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সাংবাদিকরা আয়োজক ইঞ্জিনিয়ার নওশাদের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।



















