খানসামায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

Azizar Rahman avatar   
Azizar Rahman
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যে দিনাজপুরের খানসামা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।..

রোববার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। তিনি বলেন, নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সকলকে একযোগে কাজ করতে হবে। নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

এ সময় খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেদ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, নারী নেত্রী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমাজের সর্বস্তরে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। দিবসটি উপলক্ষে উপস্থিত নারীদের সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করা হয়।

No comments found


News Card Generator