মো ইমরান মুন্সি
জেলা প্রতিনিধি ঝালকাঠি
ঝালকাঠির কাঁঠালিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির সরঞ্জামসহ এক নারী ও তার ছেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে আটককৃতদের ঝালকাঠি আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কাঁঠালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) খলিলুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার আওরাবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে মাদক বিক্রির সময় হাতেনাতে বিউটি বেগম ও তার ছেলে মামুনকে আটক করা হয়।
এসআই খলিলুর রহমান জানান, আটককৃতদের তল্লাশি চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়াও তাদের কাছ থেকে গাঁজা পরিমাপ করার একটি ডিজিটাল ইলেকট্রিক পাল্লা এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
এ বিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান সংবাদ মাধ্যমকে জানান, আটককৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে আসামিদের ঝালকাঠি আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরও জোর দিয়ে বলেন, "উপজেলায় মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।"
ছবি - এ আই



















