কালাইয়ে শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
সজিবুল ইসলাম পাভেল, কালাই(জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫ সালে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩এপ্রিল) সকাল ১০ টায় কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন। এ সময় পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত উপজেলার ৩৬ জন মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।
শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের মহাসচিব অধ্যক্ষ শাহজাহান আলী এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের সহসভাপতি আব্দুল মজিদ মল্লিক, যুগ্ম মহাসচিব মওলানা মতিউর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক ও কালাই টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুন নুর নাহিদ, নির্বাহী সদস্য ওমর আব্দুল আজিজ তালুকদার, আহম্মেদাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের গোলাম মাওলা, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী জিন্নাহ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিক্ষা ফাউন্ডেশনের মহাসচিব অধ্যক্ষ শাহজাহান আলী বলেন, ২৫ বছর থেকে এ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার ৪৬ শিক্ষা প্রতিষ্ঠানের ৫৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে মাদ্রাসা থেকে ১৮ এবং স্কুল থেকে ১৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ মোট ৩৬ জনকে একটি করে সার্টিফিকেট ও এককালীন টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা বলেন, শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি তাদের স্বপ্ন গড়ার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। অনেক মেধাবী শিক্ষার্থী শুধুমাত্র অর্থের অভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে না। শিক্ষাবৃত্তি সেই বাধা দূর করে তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং শিক্ষার প্রতি আগ্রহ ধরে রাখতে সাহায্য করে। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে আরও বেশি শিক্ষাবৃত্তি চালু হলে শিক্ষাক্ষেত্রে সমতা নিশ্চিত হবে এবং দেশ গঠনে দক্ষ মানবসম্পদ তৈরি হবে।
No comments found



















