নেত্রকোনার পূর্বধলায় জুতার ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৪ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মামা-ভাগ্নেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (৪ মে) সন্ধ্যা ৬টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের জালশুকা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি বিশেষ টিম ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় জুতার ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪ হাজার ৭৫০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের হারিয়াউন্দ গ্রামের মো. হাবিবুর রহমান (৫৩) এবং একই ইউনিয়নের বাড়য়পাড়া গ্রামের মো. রমজান আলী (৩২)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
ডিএনসি’র সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা জুতার ভেতরে ইয়াবা লুকিয়ে বহনের এই পদ্ধতি ব্যবহার করছিলেন।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে সংস্থাটি। একই সঙ্গে সমাজকে মাদকমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
No comments found



















