আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগ করে নিতে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৩৯নং ওয়ার্ডের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান মৃধা। বুধবার (১৮ মার্চ) সকালে মহানগরীর ৩৯নং ওয়ার্ডের নিজ বাসভবন প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক সম্পত্তি কর্মকর্তা ও মহানগর কৃষক দলের ১নং সদস্য নুরুজ্জামান মৃধার এই উদ্যোগে এলাকার প্রায় ১৫০০ জন অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের হাতে নতুন বস্ত্রসহ ঈদ উপহার তুলে দেওয়া হয়।
উপহার বিতরণকালে আলহাজ্ব নুরুজ্জামান মৃধা বলেন, "রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। উৎসবের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের ঘরে পৌঁছে যায়, সেই ক্ষুদ্র প্রয়াস থেকেই আজকের এই আয়োজন। আমি অতীতেও আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম এবং আগামীতেও আমৃত্যু আপনাদের সেবা করে যেতে চাই।"
এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দারা জানান, শুধু ঈদ নয়, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা সামাজিক সংকটে নুরুজ্জামান মৃধাকে তারা অভিভাবক হিসেবে পাশে পান। অত্যন্ত সুশৃঙ্খলভাবে উপহার হাতে পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন এবং তার উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— পূবাইল থানা বিএনপির সহ-সভাপতি সোলেমান সরকার ও আলী আহমদ, থানা বিএনপির সদস্য কাজী আবু বক্কর সিদ্দিক, ৩৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান মৃধা ফরিদ, কৃষক দল নেতা বিল্লাল মোল্লা ও স্বেচ্ছাসেবক দল নেতা সাত্তার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ৩৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান সাঙ্গুন ও জিয়া স্মৃতি সংসদ গাজীপুর মহানগরের সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপহার বিতরণের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।



















