মো ইমরান মুন্সি
জেলা প্রতিনিধি ঝালকাঠি
ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের পাশের একটি ড্রেন থেকে এক মানবভ্রূণ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩ মে) বেলা সাড়ে ১২টার দিকে এই ভ্রূণটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ভ্রূণটি একটি মেয়ে শিশুর বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের পাশের একটি ড্রেনের ওপর মানবভ্রূণটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ভিড় জমে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্রূণটি সম্পূর্ণ পরিপূর্ণ ছিল না। তবে এর আকৃতি দেখে ধারণা করা হচ্ছে, মায়ের গর্ভে থাকাকালে এটির বয়স আনুমানিক ৪ থেকে ৫ মাস হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার বলেন,
"হাসপাতাল চত্বরে মানবভ্রূণ পড়ে থাকার খবরটি জানার পরপরই আমরা বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করি। এটি কীভাবে এখানে এলো তা পুলিশ তদন্ত করে দেখছে। তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।"
খবর পেয়ে ঝালকাঠি সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভ্রূণটি উদ্ধার করে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান,
"উদ্ধার হওয়া মানবভ্রূণটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য বিষয় পর্যালোচনা করে এর সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। দোষীদের খুঁজে বের করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"



















