জ্বালানি সংকটে ফরিদপুরে পাট চাষে শঙ্কা

ফরিদপুর ব্যুরো avatar   
ফরিদপুর ব্যুরো
মো. ইমরান মোল্যা, ফরিদপুর:

বাংলাদেশের পাট উৎপাদনের অন্যতম প্রধান অঞ্চল ফরিদপুরে চলতি মৌসুমে পাট চাষ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বপন মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে ডিজেলের তীব্র সংকট ও অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে কৃষকরা সেচ কার্যক্রম পরিচালনায় সমস্যার সম্মুখীন হচ্ছেন, যা পাট উৎপাদনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

 

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে ফরিদপুর জেলায় ৮৭ হাজার ৩শ’ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১ লাখ ৯৫ হাজার মেট্রিক টন। এর মধ্যে ইতোমধ্যে উল্লেখযোগ্য অংশে পাট বপন সম্পন্ন হয়েছে। সাধারণত পেঁয়াজ তোলার পরপরই কৃষকরা পাট বীজ বপন শুরু করেন এবং জমি প্রস্তুত ও বপন প্রক্রিয়ায় সেচের ওপর ব্যাপকভাবে নির্ভর করতে হয়। তবে জ্বালানি সংকটের কারণে অনেক ক্ষেত্রেই নির্ধারিত সময়ে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না।

 

স্থানীয় কৃষকরা জানান, ডিজেলের ঘাটতি ও ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেচ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সালথা, নগরকান্দা ও বোয়ালমারী উপজেলার কৃষকদের মতে, পাট চাষের জন্য সময়মতো সেচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা না থাকলে বীজের অঙ্কুরোদগম ব্যাহত হয়, যা ফলনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। জ্বালানি সংকট, লোডশেডিং, ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস এবং সার সংকট, সব মিলিয়ে কৃষিকাজ পরিচালনা কঠিন হয়ে পড়েছে বলে তারা জানান।

 

ফরিদপুর কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহাদুজ্জামান বলেন, পাট চাষ যাতে ব্যাহত না হয় সেজন্য চাষিদের মাঝে ফুয়েল কার্ড বিতরণ করা হচ্ছে এবং ডিজেল সংকটে যেন চাষাবাদে সমস্যা না হয় সে বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে। তিনি আরও জানান, পাট উৎপাদনের জন্য বিখ্যাত এ জেলায় কৃষকদের সহায়তায় মনিটরিং কার্যক্রমও জোরদার করা হয়েছে।

 

এবিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা জানান, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাদের সমন্বয়ে চাষিদের মাঝে ফুয়েল কার্ড বিতরণ করা হয়েছে। ডিজেল সংকটে পাট চাষে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জেলার সব পাম্পে নজরদারি বাড়ানো হয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator