জামালপুর-১ আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস, ভোটের মাঠে রাজনৈতিক জটিল সমীকরণ..

Ratan Entiser avatar   
Ratan Entiser
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন জামালপুর-১ (১৩৮) এ বইছে নির্বাচনি হাওয়া। দীর্ঘ দেড় দশক পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে..

 


 

জামালপুর জেলা মোট ৭টি উপজেলা নিয়ে গঠিত। এ জেলায় সংসদীয় আসনের সংখ্যা ৫টি। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির আধিপত্য থাকলেও গত ১৫ বছর বাদ দিলে আওয়ামী লীগ ও বিএনপি সমানসংখ্যক আসনে জয় পেয়েছে। এবারের নির্বাচনে হারানো আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। অন্যদিকে নতুন করে স্বপ্ন বুনছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ ও আমার বাংলাদেশ পার্টিসহ একাধিক রাজনৈতিক দল।

ভারত সীমান্তবর্তী গারো পাহাড়, নদ-নদী ও চরাঞ্চল বেষ্টিত গুরুত্বপূর্ণ এই আসনে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত চারটি নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ তিনবার এবং বিএনপি একবার জয়লাভ করে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলের কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি ২০০১ সালে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০১-২০০৬ মেয়াদে এলাকায় ব্যাপক উন্নয়ন করে জনপ্রিয়তা অর্জন করেন। মামলা জটিলতার কারণে ২০০৮ ও ২০১৮ সালে নির্বাচন করতে না পারলেও এবার ধানের শীষ প্রতীকে আবার মাঠে নেমেছেন তিনি।

অন্যদিকে বকশীগঞ্জ উপজেলা পরিষদের টানা চারবারের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার এবারের নির্বাচনে বড় চমক সৃষ্টি করেছেন। পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে তার রয়েছে আলাদা ভোটব্যাংক। গত ১৩ ডিসেম্বর তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়ে জামালপুর-১ আসনের দলীয় প্রার্থী হন।
২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জে ইসলামী আন্দোলনের ভাইস চেয়ারম্যান বিজয়ী হওয়ায় দলটি বেশ শক্ত অবস্থানে রয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী নিয়মিত গণসংযোগ, পথসভা ও কর্মীসভা করছেন। দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট টানতে গ্রামগঞ্জে ছুটে বেড়াচ্ছেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত ও ইসলামী আন্দোলন একক প্রার্থী দিলে বিএনপির সঙ্গে সরাসরি মুখোমুখি লড়াই হবে। আর জোট না হলে ধানের শীষ, দাঁড়িপাল্লা ও হাতাপাখার মধ্যে ত্রিমুখী লড়াইয়ে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে।

জামালপুর-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৩১ হাজার ৭০৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৬ হাজার ৭০৭ জন, নারী ২ লাখ ১৫ হাজার ৪৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।

সাধারণ ভোটারদের প্রত্যাশা একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন, যাতে নির্বিঘ্নে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।


 

No comments found


News Card Generator