সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ওপর বিপুল ঋণের বোঝা চাপিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, আগের সরকার শুধু বিদ্যুৎ খাতেই ৫৬ হাজার কোটি টাকার বকেয়া রেখে গেছে।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
গতকাল মঙ্গলবার (২৬ মে) বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, "আমরা ক্ষমতায় এসেছি মাত্র তিন মাস হলো। এখনো সব খাতের ঠিকভাবে হিসাব-নিকাশ সম্পন্ন করতে পারিনি। তবে প্রাথমিক হিসাবেই দেখা যাচ্ছে, বিদায়ী হাসিনা সরকার দেশের প্রতিটি মানুষের ওপর বিশাল ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে।"
দেশের বিদ্যুৎ খাতের নাজুক পরিস্থিতির চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, "বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকার বকেয়া রেখে যাওয়া হয়েছে। এমন একটি চরম অর্থনৈতিক ও কাঠামোগত সংকটের মধ্যেই আমরা দেশের দায়িত্ব নিয়েছি এবং পরিস্থিতি উত্তরণে কাজ করছি।"
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের উদ্দেশে টুকু বলেন, "জামায়াত ইতোমধ্যে তাদের প্রার্থী ঘোষণা করেছে। বিএনপিও মাঠপর্যায়ে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেবে। এখানে হইচই করে কোনো লাভ নেই। ব্যক্তি বা আত্মীয়তার ভিত্তিতে বিভক্ত না হয়ে, যাকে মনোনয়ন দিলে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকবে, তাকেই দল থেকে বেছে নেওয়া হবে।"
তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, "চেয়ারম্যান ও সদস্য পদে বিএনপি থেকে একজন করেই একক প্রার্থী দেওয়া হবে। যারা বিগত দিনে শুধু দরবার-সালিশ করেছেন, জনগণের সুখ-দুঃখে পাশে ছিলেন না, তাদের নির্বাচন না করলেই ভালো।"
কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাকিল হায়দার এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস। সভায় কামারখন্দ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।