সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম জেলায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত ডিসি পার্কে জেলা প্রশাসন, চট্টগ্রামের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত ও সীতাকুণ্ডের কৃতি সন্তান লুৎফে সিদ্দিকী। তিনি বলেন, “গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণের চাবিকাঠি। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয় সংযুক্ত সচিব মো. মাহমুদুল হোসাইন খান এবং চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। বক্তারা গণতন্ত্রকে শক্তিশালী করতে ভোটারদের সচেতনতা বৃদ্ধি ও ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বাড়াতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভোটারদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।”
এর আগে সকালে প্রধান অতিথি লুৎফে সিদ্দিকী সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজে স্থাপিত সম্ভাব্য ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি ভোটকেন্দ্রের অবকাঠামো, ভোটগ্রহণ কক্ষের বিন্যাস, ভোটারদের সুবিধা-অসুবিধা, নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরে তিনি দুপুরে সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন, সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি, ভোটার নিরাপত্তা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের পরিদর্শন ও জনসচেতনতামূলক কার্যক্রম অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।