ফরিদপুরের কাচ্চি সুলতানকে লাখ টাকা জরিমানা

Mia Shaykat avatar   
Mia Shaykat
মোঃ সৈকত হাসান, ফরিদপুর।

ফরিদপুর শহরে নিরাপদ খাদ্য নিশ্চিতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার ডায়াবেটিক হাসপাতাল মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন, জেলা নিরাপদ খাদ্য অফিস, সিভিল সার্জন কার্যালয়, কৃষি বিপণন বিভাগ ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
অভিযানকালে কাচ্চি সুলতান নামে একটি রেস্তোরাঁর রান্নাঘরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত এবং অনুমোদনহীন ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া রেস্তোরাঁর কর্মীদের কোনো স্বাস্থ্য সনদ না থাকায় জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে খাদ্য প্রস্তুত করা হচ্ছিল।
এসব অনিয়মের দায়ে ২০১৮ সালের নিরাপদ খাদ্য আইনের ৩৯ ধারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী, নুঝাত তাবাসসুম এবং মো. তন্ময় ইসলামের যৌথ নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (দায়িত্বপ্রাপ্ত) মো. বজলুর রশিদ খান। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

No comments found


News Card Generator