বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৬ সালের পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ক্রীড়া সংগঠক সরফরাজ আহমেদ সরফু।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী,বোর্ডের ২৫ সদস্যের পরিচালনা পর্ষদের মধ্যে ২৩ জন পরিচালক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন। বাকি দুইজনকে সরাসরি মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। সেই সংরক্ষিত কোটায় পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন সরফরাজ আহমেদ সরফু ও শেখ মোহাম্মদ রুহুল আমিন।
এনএসসি সূত্রে জানা গেছে,বিসিবি নির্বাচনের জন্য মনোনীত পাঁচজন কাউন্সিলরের তালিকা থেকে তাদের চূড়ান্ত করা হয়। শনিবার (৭ জুন) এনএসসির নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তাকে এ সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
দীর্ঘদিন ধরে ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত সরফরাজ আহমেদ সরফু দেশের ক্রীড়াঙ্গনে পরিচিত একটি নাম। তিনি যুক্তরাজ্য বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল পৌরসভার ৩নং ওয়ার্ডের কালীঘাট রোডের একটি অভিজাত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন এলাকার সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব মরহুম হাজী সফর আলী।
যদিও দীর্ঘ সময় তিনি যুক্তরাজ্যে বসবাস করেছেন,শ্রীমঙ্গল এবং বৃহত্তর মৌলভীবাজার অঞ্চলে তিনি ‘সরফু’ নামেই অধিক পরিচিত।
রাজনীতি ও ক্রীড়া সংগঠনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রয়েছে তার। শ্রীমঙ্গল পৌরসভার উন্নয়ন এবং আধুনিকায়ন নিয়ে তিনি বিভিন্ন সময়ে কাজ করেছেন এবং পৌরসভাকে একটি মডেল নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এনএসসির মনোনয়নের মাধ্যমে বিসিবির পরিচালনা পর্ষদে যুক্ত হওয়ায় দেশের ক্রিকেট প্রশাসনে সরফরাজ আহমেদ সরফুর নতুন অধ্যায়ের সূচনা হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।