সীমান্তের নিরাপত্তা ও আস্থার পরিবেশ সমুন্নত রাখতে দিনাজপুরের বিরল উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নব-নির্মিত ‘মৌচোষা’ বর্ডার আউটপোস্ট (বিওপি) উদ্বোধন করা হয়েছে। ৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়নের আওতাধীন এই নতুন ক্যাম্পটি উদ্বোধনের ফলে সীমান্ত সুরক্ষা ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নতুন মাত্রা যোগ হলো।
বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই বিওপি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।বিজিবি সূত্র জানায়, বিরল উপজেলার কিশোরীগঞ্জ ও রামচন্দ্রপুর বিওপি’র মধ্যবর্তী এলাকাটি ভৌগোলিক ও কৌশলগত কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই বিশাল এলাকার আভিযানিক কার্যক্রম আরও গতিশীল করতে এবং শূন্যরেখার নিকটবর্তী স্থানে চোরাচালান প্রতিরোধে মৌচোষা গ্রামে নতুন এই বিওপি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিজিবি’র উত্তর পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব-নির্মিত এই বিওপি উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে তিনি বিওপি চত্বরে স্মারক হিসেবে একটি ফলদ গাছের চারা রোপণ করেন।নতুন এই বিওপি’র গুরুত্ব তুলে ধরে ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের তাঁর বক্তব্যে বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সব সময়ই সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে নিরলসভাবে কাজ করে আসছে। মৌচোষা বিওপি উদ্বোধনের ফলে এই এলাকার সীমান্ত সুরক্ষা আরও সুসংহত হবে। বিশেষ করে মাদক পাচার রোধ, চোরাচালান দমন, নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি এখন আরও বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারবে। তিনি আশা প্রকাশ করেন যে এই নতুন স্থাপনার ফলে সীমান্তে আস্থার পরিবেশ আরও দৃঢ় হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিবিজিএম, পিএসসি) এবং ৪২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানসহ ব্যাটালিয়নের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কর্মকর্তারা জানান যে আধুনিক সুযোগ-সুবিধা সংলগ্ন এই বিওপি থেকে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি সীমান্তবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে। মূলত সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যেই বিজিবি তাদের অবকাঠামোগত উন্নয়ন ও নজরদারি বাড়িয়ে চলেছে। এই নতুন বিওপি স্থাপনের মাধ্যমে স্থানীয় বাসিন্দারাও সীমান্তে আরও বেশি নিরাপদ অনুভব করবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



















