দিনাজপুরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন।..

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
****

আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৮ মে) দিনাজপুর ব্র্যাক লার্নিং সেন্টার (বিএলসি) প্রশিক্ষণ কেন্দ্রে ব্র্যাক নার্সারি-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার ৫০ জনের বেশি কৃষক অংশগ্রহণ করেন। কর্মশালায় হাইব্রিড ও দেশি পেঁপের বৈশিষ্ট্য, উন্নত জাত নির্বাচন, মাটি ও সার ব্যবস্থাপনা, জমি প্রস্তুতি, আগাছা দমন, সেচ ও পানি নিষ্কাশন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া চারা রোপণের উপযুক্ত সময়, পরিচর্যা, সুষম সার প্রয়োগ এবং ফুল ও ফল ঝরা রোধে করণীয় বিষয়গুলো হাতে-কলমে শেখানো হয়। পেঁপের রোগবালাই প্রতিরোধ,আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ কৌশল নিয়েও অংশগ্রহণকারীদের বিশেষ দিক-নির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. শরিফ মাহমুদ, উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ ইসমাইল হোসেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ব্র্যাক নার্সারি এন্টারপ্রাইজ, গাজীপুর, ঢাকা। 

এছাড়া উপস্থিত ছিলেন কৃষিবিদ মুরশিদা বেগম, অফিসার, ব্র্যাক নার্সারি দিনাজপুর এবং ব্র্যাক নার্সারি দিনাজপুরের নার্সারি ম্যানেজার কনক বিশ্বাস ।

প্রশিক্ষণে অংশ নেওয়া দিনাজপুর জেলার কোতোয়ালী থানার ৩নং ফাজিলপুর ইউনিয়নের উত্তর হরিরামপুর গ্রামের কৃষক মোঃ জাহাঙ্গীর আলম বলেন, পোকামাকড় দমনসহ বিভিন্ন বিষয়ে নতুন তথ্য জানতে পেরে তিনি উপকৃত হয়েছেন। এতে ভবিষ্যতে পেঁপে চাষে আরও ভালো ফলনের আশা করছেন।

অন্যদিকে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রনগাঁও ইউনিয়নের খনগাঁও গ্রামের কৃষক মোঃ ফজলে মুকিম বলেন, পেঁপে চাষ বিষয়ে এ প্রশিক্ষণটি অত্যন্ত সময়োপযোগী। বিশেষ করে হরমোন ব্যবহারের বিষয়টি তিনি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং হাইব্রিড জাত সম্পর্কে আগের কিছু ভুল ধারণাও দূর হয়েছে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি ভার্মিকম্পোস্ট সার, ৩০ পিস ট্যাবলেট সার, ১০টি রেড হার্ট পেঁপের চারাএবং একটি করে স্প্রে মেশিন বিতরণ করা হয়। পরে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।

আয়োজকরা জানান, রোগবালাই নিয়ন্ত্রণে সঠিক রাসায়নিক প্রয়োগ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলাই ব্র্যাক নার্সারি-এর মূল লক্ষ্য।

No se encontraron comentarios


News Card Generator