কক্সবাজার-২ আসনে দাঁড়িপাল্লার মহাজাগরণ:
কুতুবদিয়া প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এ এইচ এম হামিদুর রহমান আযাদের দাঁড়িপাল্লা প্রতীকের শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় কুতুবদিয়ার ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ স্টেডিয়ামে এ বিশাল জনসভা অনুষ্ঠিত হবে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আ স ম শাহরিয়ার চৌধুরী জানান, উক্ত জনসভায় ১১ দলীয় জোটের শীর্ষ আলোচিত তিন নেতা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, যা এ আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।
নির্বাচনী মিডিয়া উইংয়ের আহবায়ক ও দ্বীপাঞ্চল সম্পাদক আকবর খাঁন জানান, শেষ জনসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন দাঁড়িপাল্লার প্রার্থী ড. হামিদুর রহমান আযাদ। পাশাপাশি ১১ দলীয় জোটের পক্ষে ‘চমক’ হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র ও আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এবং আলোচিত ইসলামী বক্তা আলী হাসান ওসামা।
আয়োজকরা জানান, এই জনসভা থেকে ভোটারদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও বার্তা দেওয়া হবে। শেষ মুহূর্তের এই জনসভাকে কেন্দ্র করে কুতুবদিয়া ও মহেশখালী জুড়ে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।



















