ধানকাটা মেশিনের মালিকের কাছে চাঁদা দাবি, ছাত্রদলের দুই নেতা বহিষ্কার..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

 

 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া ইউনিয়নের বড় তেঁতুলিয়া গ্রামে ধানকাটার হারভেস্টার মেশিনের মালিকের কাছে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

 

শনিবার (১৬ মে) দুপুরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুল ও সদস্যসচিব মুক্তি মাহফুজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন- উপজেলার শালখুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী আলমগীর হোসেন জয়।

 

 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত দুই নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হলো।

 

 

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার বড় তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা আল আমিন বোরো ধান কাটা ও মাড়াইয়ের জন্য একটি হারভেস্টার মেশিন ভাড়া করে নিয়ে আসেন। তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন ছাত্রদলের ওই দুই নেতা। বিষয়টি জানাজানি হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় উপজেলা ছাত্রদল।

 

উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মুক্তি মাহফুজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথমিক তদন্তে চাঁদা দাবির ঘটনায় দুজনের সম্পৃক্ততা পাওয়ায় সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে।’

 

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রি বর্মন বলেন, ‘হারভেস্টার মেশিনের মালিকের কাছে চাঁদা দাবির অভিযোগটি শুনেছি। তবে এ নিয়ে মালিক লিখিত কোনও অভিযোগ দেননি।’

 

 

Inga kommentarer hittades


News Card Generator