বটগাছ ভেঙে সড়ক অবরুদ্ধ, যানজটে স্থবির জনজীবন

Rakibul Islam avatar   
Rakibul Islam
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আকস্মিক ঝড়ে একটি বিশাল বটগাছ উপড়ে মহাসড়কের ওপর পড়ে দেড় ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।..

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আকস্মিক ঝড়ে একটি বিশাল বটগাছ উপড়ে মহাসড়কের ওপর পড়ে দেড় ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে বগুড়া–নগরবাড়ী মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা প্রায় ৭টার দিকে উপজেলার পাড়কোলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যায় হঠাৎ শুরু হওয়া প্রবল ঝড়ের দাপটে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পুরোনো বটগাছ উপড়ে গিয়ে মহাসড়কের ওপর আছড়ে পড়ে। এতে মুহূর্তেই সড়কের দুই লেন বন্ধ হয়ে যায় এবং সব ধরনের যান চলাচল থেমে যায়।

ঘটনার পরপরই মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়, যা দ্রুত কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। আটকে পড়া যাত্রীদের মধ্যে চরম ভোগান্তির সৃষ্টি হয়; বিশেষ করে জরুরি কাজে যাতায়াতকারী যাত্রীরা বিপাকে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। যৌথ প্রচেষ্টায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর রাত ৯টার দিকে গাছটি অপসারণ করা সম্ভব হয়। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঝড়ে গাছটি ভেঙে পড়ায় সাময়িকভাবে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দ্রুত পদক্ষেপের মাধ্যমে গাছ অপসারণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

No comments found


News Card Generator