সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বসতবাড়ি থেকে উচ্ছেদে ব্যর্থ হয়ে এক দিনমজুরের পরিবারে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নারী-শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার চর কাদই দোপাপাড়া গ্রামে সরেজমিনে গিয়ে জানা যায়, দিনমজুর মোঃ সামাদ আলীর বসতভিটা নিয়ে প্রতিবেশী ইসরাইল প্রামাণিকের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, সামাদ আলী ও তার ভাইদের জায়গা ছাড়তে বিভিন্ন সময় চাপ প্রয়োগ করা হচ্ছিল।
স্থানীয়দের উদ্যোগে কয়েকদিন আগে একটি শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সামাদ আলীর জমির সীমানা নির্ধারণ করে খুঁটি স্থাপন করা হয়। কিন্তু এর পরও বিরোধ থামেনি।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে নির্ধারিত জায়গায় ঘর নির্মাণকালে ইসরাইল প্রামাণিক ও তার ভাই রফিকুলের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় সামাদ আলীর স্ত্রী, সন্তানসহ অন্তত ৮ জন আহত হন।
আহতদের মধ্যে সামাদ আলীর স্ত্রী মধুমালা খাতুন গুরুতর আহত হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযুক্তদের বক্তব্য জানার জন্য তাদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে ইসরাইল প্রামাণিকের স্ত্রী দাবি করেন, সামাদ আলী মাত্র ২ শতাংশ জমির মালিক হলেও তাকে অন্যত্র সরিয়ে নিতে ৫ শতাংশ জমি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি অভিযোগ করেন, সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে উল্টো সামাদ আলীর লোকজন হামলা চালায়।
এদিকে এলাকাবাসীর অভিযোগ, ইসরাইল প্রামাণিক ও তার লোকজন এর আগেও প্রভাব খাটিয়ে কয়েকটি পরিবারকে উচ্ছেদ করেছে এবং জমিজমা নিয়ে তাদের বিরুদ্ধে একাধিক বিরোধ রয়েছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।



















