ব্ল্যাকমেইলের রাজনীতি বন্ধ করে সততা ও সচ্ছতার রাজনীতির আহ্বান
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ খেলাফত মজলিসের অর্ধশতাধিক নেতাকর্মীর ভিন্ন দলে যোগদানের একটি সংবাদ ছড়ানো হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও অপপ্রচারমূলক।
শ্রীপুরের রাজনৈতিক পরিমণ্ডলের সবাই জানেন, সভাপতি মাওলানা আব্দুস সাত্তার সাহেব দীর্ঘদিন ধরে অসুস্থ। মোটরসাইকেল দুর্ঘটনার পর তিনি শারীরিক ও মানসিকভাবে যে ক্ষতির সম্মুখীন হয়েছেন, তা এখনো কাটিয়ে উঠতে পারেননি। তিনি বর্তমানে কোনো সাংগঠনিক বা রাজনৈতিক ভূমিকা পালন কিংবা সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতায় নেই।
এমন বাস্তবতায় আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, একটি স্বার্থান্বেষী মহল তাঁর অসুস্থতা ও দুর্বল অবস্থার সুযোগ নিয়ে যোগদানের একটি নাটক সাজিয়েছে। এরপর অর্ধশতাধিক নেতাকর্মী যোগ দিয়েছেন বলে প্রচার চালানো হয়েছে। আমরা জানতে চাই—কতজন হলে অর্ধশতাধিক হয়? পরিস্থিতির শিকার একজন ব্যক্তিকে সামনে রেখে যোগদানের নাটক সাজিয়ে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদানের তথ্য প্রচার করা সুস্পষ্ট মিথ্যাচার।
আমরা মনে করি, নতুন এই বাংলাদেশে মানুষ আর আগের মতো প্রতারণার রাজনীতি দেখতে চায় না। আমরা সততা ও সচ্ছতার সঙ্গে রাজনীতি করার আহ্বান জানাচ্ছি।
মাওলানা গাজী রুহুল আমিন
সাধারণ সম্পাদক
বাংলাদেশ খেলাফত মজলিস
গাজীপুর জেলা



















