বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের নির্বাচনী প্রচারণায় গিয়ে জনরোষের শিকার হয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। রবিবার দুপুরে বাবুগঞ্জে মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গেলে তাকে ঘিরে স্থানীয় জনতা "ভুয়া ভুয়া" স্লোগান দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে, এবং এর প্রতিবাদ জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরীফ হাদী।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
জানা গেছে, আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ব্যারিস্টার ফুয়াদ স্থানীয়দের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে অভিযোগ করেন, 'স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে সেতুর কাজ স্থগিত ছিল।' তার এই মন্তব্যের পরই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। উপস্থিত জনতা তাকে ঘিরে ধরে এবং তার বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। জনরোষের মুখে পড়ে দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করতে বাধ্য হন এই এবি পার্টির নেতা।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ওসমান শরীফ হাদী। একটি ফেসবুক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, "ব্যারিস্টার ফুয়াদ ভাইকে আজ (গতকাল) হেনস্তা করার চেষ্টা করেছে বাবুগঞ্জ বিএনপির লোকজন। এটা খুব খারাপ নজির স্থাপিত হইলো।" এই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ স্বরূপ এবং ফুয়াদের প্রতি সমর্থন জানাতে তিনি তার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বরিশাল যাওয়ার ঘোষণা দেন।
এদিকে, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন এই ঘটনার ব্যাখ্যা দিয়ে বলেন, ব্যারিস্টার ফুয়াদ সেতু উদ্বোধনে এসে স্থানীয় সাধারণ নাগরিকদের চাঁদাবাজ বলে অপপ্রচার করেছেন। তিনি চায়না কোম্পানির কাছে চাঁদা চেয়েছেন—এমন অভিযোগ তুলে গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, তা অত্যন্ত অনভিপ্রেত। এই অপপ্রচারের জের ধরেই স্থানীয় ছাত্রদল ব্যারিস্টার ফুয়াদকে বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করে। সামগ্রিক ঘটনাটি ওই এলাকার রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে।