ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয় উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল সিসিএস পাহাড়তলী শাখার উদ্যোগে গেইট মিটিং, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ ও ভোটারদের সংগ্রামী শুভেচ্ছা জানানো হয়।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১০টায় শাখার সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনের নেতৃত্বে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। গেইট মিটিংয়ে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের বিভাগীয় সমন্বয়ক মো. জিয়াউর রহমান। সভাপতিত্ব করেন তেল শ্রমিক দল সিসিএস পাহাড়তলী শাখার সভাপতি মো. আমিরুজ্জামান আমির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. সাইদুর রহমান তপু, কার্যকরী সভাপতি মো. আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আল রাব্বি ও মাইনুল ইসলাম রানা, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আবির, দপ্তর সম্পাদক মহিদুল ইসলামসহ বিভিন্ন শাখার নেতাকর্মী ও সদস্যরা।
গেইট মিটিংয়ে মো. কামাল হোসেন বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন প্রশাসন ও কর্মপরিবেশ গড়ে তোলা হবে। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বিজয় ধরে রাখতে প্রতিহিংসা ভুলে সরকারকে সহযোগিতার কথা বলেন।
প্রধান বক্তা মো. জিয়াউর রহমান বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে জাতীয় উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তিনি রেলওয়ের নিয়োগবিধি-২০২০ সংশোধন করে শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়নের দাবি জানান।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত, বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণ এবং বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি ও উন্নতি কামনা করা হয়।
নেতারা আশা প্রকাশ করেন, শ্রমিক-কর্মচারীবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে রেলওয়ের সার্বিক উন্নয়ন ও ঐক্যবদ্ধ কর্মপরিবেশ নিশ্চিত হবে।



















