ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা পৌরসভার ২নং ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ অংশ শেখবাড়ি ও খানবাড়ি এলাকা। ভালুকা মধ্যবাজার সংলগ্ন এ ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাস করছেন প্রায় দেড় হাজার মানুষ। দীর্ঘদিন ধরে এলাকাবাসী পৌর কর্তৃপক্ষের কাছে পানি নিষ্কাশনের সুব্যবস্থা গড়ে তোলার জন্য দাবি জানিয়ে আসলেও আজও মেলেনি কোন কার্যকর উদ্যোগ।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
এলাকাবাসীর অভিযোগ, পূর্ববর্তী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বারবার এলাকা পরিদর্শনে এসে আশ্বাস দিলেও বাস্তবে কোনো কাজ হয়নি। বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সময়েও রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণে একাধিক টেন্ডার হলেও শেখবাড়ি–খানবাড়ি এলাকায় পানি নিষ্কাশনের জন্য কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি। এতে সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ডুবে যায়, ঘরবাড়িতে পানি ঢুকে পড়ে এবং এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েন।
বাসিন্দারা জানান, রায়মার্কেট নির্মাণের আগে এ এলাকায় কখনো জলাবদ্ধতার সমস্যা ছিল না। পাঁচ রাস্তার মোড় তালুকদার মার্কেটের পাশে থাকা বড় কালভার্টটি রায়মার্কেট কর্তৃপক্ষ বন্ধ করে ছোট একটি প্লাস্টিকের পাইপ বসিয়ে দেয়। ফলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায় এবং কয়েকদিন পরপর জলাবদ্ধতা তৈরি হয়। বর্তমানে পুরো এলাকাটি কার্যত ডাস্টবিনে পরিণত হয়েছে।
এ অবস্থায় ডায়রিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গুসহ বিভিন্ন জলবাহিত ও সংক্রামক রোগে এলাকাবাসী নিয়মিত আক্রান্ত হচ্ছেন। তবু পৌরসভা নিয়মিত ট্যাক্স ও খাজনা আদায় করলেও কোনো সেবা দেয় না বলে অভিযোগ বাসিন্দাদের।
তারা বলেন, “আমরা কি পৌরসভার নাগরিক না? আমাদের কাছ থেকে ট্যাক্স নিচ্ছেন, জমির খাজনা নিচ্ছেন, তাহলে কেন আমাদের বঞ্চিত রাখা হচ্ছে? আমরা আর কতদিন এই দুর্ভোগ সহ্য করব?”
তাদের দাবি, দ্রুত রায়মার্কেট মালিকপক্ষের সঙ্গে সমন্বয় করে পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গড়ে তুলতে হবে। না হলে খুব শিগগিরই পুরো এলাকা পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।