ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকা পৌরসভার ১নং ওয়ার্ডে মতবিনিময় সভা করেছে পৌর বিএনপি।
শনিবার (১১ এপ্রিল) রাতে পৌরসভার ১নং ওয়ার্ডের হাসপাতালের পিছনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান।
সভায় তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বিএনপি সবসময়ই ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আগামী নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে এবং তাদের সমস্যা-সম্ভাবনার কথা শুনতেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। জনগণের মতামতই আমাদের রাজনীতির মূল ভিত্তি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহির রায়হান।
সভায় ১নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা অংশ নেন। তারা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।
মতবিনিময় সভাটি শেষে উপস্থিত নেতৃবৃন্দ স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে দলীয় কার্যক্রম জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।



















