ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-১১ ভালুকা আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ। মোট ১০৭টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ফখর উদ্দিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১০ হাজার ২১৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম (হরিণ প্রতীক) পেয়েছেন ৬৫ হাজার ৫৯১ ভোট। আর শাপলা কলি প্রতীকে জাহিদুল ইসলাম পেয়েছেন ২১ হাজার ৫২৯ ভোট।
অন্যান্য প্রার্থীদের মধ্যে ট্রাক প্রতীকে আনোয়ারুল ইসলাম পেয়েছেন ৩৮৬ ভোট এবং হাতপাখা প্রতীকে মোঃ মোস্তফা কামাল পেয়েছেন ১ হাজার ৮০৭ ভোট।
ভোটের হিসাব বলছে, ফখর উদ্দিন আহমেদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪৪ হাজার ৬২৩ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন। কেন্দ্রভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, অধিকাংশ কেন্দ্রেই ধানের শীষ প্রতীকের পক্ষে একতরফা ভোট পড়েছে।
এদিকে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ১৭ হাজার ২৯৮টি এবং ‘না’ ভোট পড়েছে ৫৮ হাজার ৮৫১টি।
সারাদিন ভালুকা উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, নারী ভোটারদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য।
ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।



















