ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-১১ ভালুকা আসনে ১১ দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. জাহিদুল ইসলাম গণসংযোগ কার্যক্রম চালিয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ভালুকা উপজেলার আশকা হাই স্কুল মোড়, খারোয়ালী ও গোয়ালীখাল রোড এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন। এ সময় তিনি পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
গণসংযোগকালে ডা. জাহিদুল ইসলাম বলেন, এই নির্বাচন কোনো একক ব্যক্তির নয়, এটি জনগণের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন। জনগণের সমর্থন ও ভালোবাসা পেলে ভালুকাকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও বৈষম্যহীন উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই হবে তাঁর রাজনীতির প্রধান অগ্রাধিকার। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সংসদে সরব ভূমিকা রাখার আশ্বাস দেন তিনি।
গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় এলাকাবাসী ডা. জাহিদুল ইসলামের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, নির্বাচনী মাঠে ডা. জাহিদুল ইসলামের এই গণসংযোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে।



















