বগুড়া শেরপুরে আড়াই হাজার লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা..

Md Barhan Uddin avatar   
Md Barhan Uddin
বগুড়ার শেরপুর উপজেলায় ডিজেল মজুত রেখে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।..

 অভিযানে অবৈধভাবে মজুত করা প্রায় ২,৫০০ লিটার ডিজেল জব্দ করে তা কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের রানীরহাট বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স বিমল ট্রেডার্সের মালিক শ্রী স্বপন চন্দ্র মন্ডলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরক লাইসেন্স অনুযায়ী প্রতিষ্ঠানটির সর্বোচ্চ ৫,০০০ লিটার ডিজেল মজুতের অনুমতি থাকলেও ব্যবসায়ী প্রায় ৯,০০০ লিটার তেল সংগ্রহ করেন। এর মধ্যে কিছু বিক্রি করা হলেও অবশিষ্ট ২,৫০০ লিটার গোপনে সংরক্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। এতে বাজারে ডিজেলের সংকট তৈরি হয় এবং কৃষকদের কাছ থেকে বেশি দাম নেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন স্থানীয়রা।

অভিযানের সময় জব্দ করা ডিজেল তাৎক্ষণিকভাবে স্থানীয় কৃষকদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। এতে কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে পেট্রোলিয়াম আইনের আওতায় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা ডিজেল স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে লাইনে দাঁড়িয়ে থাকা কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।

No comments found


News Card Generator