বাগেরহাটে ইউনিয়ন পরিষদের বাজেট সভা অনুষ্ঠিত

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
****
বাগেরহাট প্রতিনিধিঃ
কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের বার্ষিক পরিকল্পনা ও বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের হলরুমে ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট সভা অনুষ্ঠিত হয়। কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও উদয়ন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত সভায় এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, নারী নেত্রী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম আকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন। সভায় আগামী ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বার্ষিক উন্নয়ন পরিকল্পনা ও বাজেটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন প্রস্তাবনার মধ্যে ছিল-দলিত, বিধবা, স্বামী পরিত্যক্তা, তালাকপ্রাপ্ত ও প্রতিবন্ধীদের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অগ্রাধিকার প্রদান। বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং আয়বর্ধক কর্মসূচিতে উৎসাহ প্রদান; বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে কমিটির কার্যক্রম সক্রিয় রাখতে বাজেট বরাদ্দ; ধূমপান ও তামাক নিয়ন্ত্রণে বাজেট বরাদ্দ এবং স্কুল-কলেজে সচেতনতামূলক ক্যাম্পেইনের জন্য বিশেষ বরাদ্দ রাখা। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রস্তাবের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, জনগণের মতামতের ভিত্তিতে পরিকল্পনা ও বাজেট প্রণয়ন করা হলে ইউনিয়নের টেকসই উন্নয়ন নিশ্চিত হবে। তারা স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে একটি জনবান্ধব বাজেট বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় আরও বক্তব্য রাখেন বাগেরহাট উপজেলা নাগরিক কমিটির সদস্য ও বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মহুয়া সুলতানা রিমা, কার্যনির্বাহী সম্পাদক সেলিনা বেগম ও রেক্সোনা খাতুন, ইউপি সদস্য শেখ ইমরুল হোসেন, ইউপি সদস্যা আবেদা সুলতানা ও মমতা সেন। এছাড়াও স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Geen reacties gevonden


News Card Generator