বরগুনার আমতলী উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা। “উদ্ভাবনেই আগামীর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে এ মেলার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১২-১৩ এপ্রিল ২০২৬) উপজেলা প্রশাসন আমতলী এর উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।
মেলায় শিক্ষার্থীরা তাদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিগত উদ্ভাবন ও পরিবেশবান্ধব ধারণা উপস্থাপন করে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। প্রতিটি স্টলে দেখা যায় শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও বাস্তব প্রয়োগের সুন্দর সমন্বয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলা এবং নতুন নতুন উদ্ভাবনে উৎসাহিত করাই এই মেলার মূল লক্ষ্য। এ ধরনের আয়োজন ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেলায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় জমিয়েছেন এবং প্রদর্শনীগুলো ঘুরে দেখছেন।



















