আলীকদমে সাংবাদিক পরিচয়ে প্রতারণা: হাবিবুর রশিদ হিমন ও তার স্ত্রীর বিরুদ্ধে ১ লাখ ৩৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের আলীকদমে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণা ও টাকা আত্মসাতের অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার ১৭ জুন চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকার বাসিন্দা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ২৯।
মামলায় বিবাদী করা হয়েছে আলীকদম ১নং সদর ইউনিয়নের পশ্চিম বাজার পাড়া এলাকার বাসিন্দা হাবিবুর রশিদ হিমন ৩২ এবং তার স্ত্রী ইন্দিরা ত্রিপুরা ২৫।
এজাহার সূত্রে জানা যায়, বিবাদী হাবিবুর রশিদ হিমন নিজেকে ‘বিজয় টিভির’ আলীকদম প্রতিনিধি হিসেবে পরিচয় দিতেন। এই পরিচয় ব্যবহার করে তিনি বাদীর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। পরে পাসপোর্ট নবায়নসহ বিভিন্ন অজুহাতে বাদীর কাছ থেকে আর্থিক লেনদেন শুরু করেন।
এই বিশ্বাসের সুযোগ নিয়ে বিবাদীদ্বয় পর্যায়ক্রমে বাদীর কাছ থেকে নগদ ও বিকাশের মাধ্যমে সর্বমোট ১ লাখ ৩৩ হাজার টাকা হাতিয়ে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
মামলার এজাহারে আরও বলা হয়, শুধু বাদী নন, বিবাদীরা বাদীর পরিচিত আরও কয়েকজনের কাছ থেকেও একই কৌশলে অর্থ আত্মসাত করেছেন। এছাড়া বাদীর প্রবাসে থাকা ভাইয়ের কাছ থেকেও বিভিন্ন অজুহাতে টাকা নিয়েছেন তারা।
মামলায় বিবাদীদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬ অর্থাৎ বিশ্বাসভঙ্গ, ৪২০ প্রতারণা, ৫০৬(২) ভীতি প্রদর্শন এবং ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার আইনজীবী অ্যাডভোকেট নুরুল আলম জানান, বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন। তদন্ত প্রতিবেদন দাখিলের পর মামলার পরবর্তী আইনি কার্যক্রম পরিচালিত হবে।