খুলনার ডুমুরিয়ায় সোনামুখ স্মার্ট একাডেমিতে ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও ওয়াটার পোলো উৎসব অনুষ্ঠিত হয়েছে।খুলনার ডুমুরিয়া উপজেলার সোনামুখ স্মার্ট একাডেমিতে শনিবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ, জন্মদিন উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওয়াটার পোলো-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত শিক্ষার্থীদের হাতে ফলাফল কার্ড তুলে দেন সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকেরা। পরে সকাল ১০টায় অনুষ্ঠিত হয় অভিভাবক সমাবেশ। এতে একাডেমির প্রিন্সিপাল হুসাইন আহমেদ শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা এবং অভিভাবকদের সক্রিয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন। এরপর জুলাই মাসে জন্মগ্রহণকারী শিক্ষার্থীদের জন্মদিন কেক কেটে উদযাপন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে "আমরা সবাই সোনামুখ" নামে একটি মনোজ্ঞ নাটিকা মঞ্চস্থ হয়। নাটকটি রচনা করেছেন এ এম কামরুল ইসলাম, পরিচালনায় ছিলেন যুথি ম্যাম, রিতা ম্যাম, গোলদার স্যার ও মাফি স্যার। শিক্ষার্থীদের পরিবেশনায় নাটিকাটি উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ায়। দিনের শেষ পর্বে অনুষ্ঠিত হয় আনন্দঘন ওয়াটার পোলো-২০২৬। এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিক্ষক কামরুল গোলদার, বিপুল, রাইহান, যুথি সুলতানা ও রাবেয়া বেগম। এছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের আধুনিক গণিত শিক্ষার অন্যতম পদ্ধতি অ্যাবাকাস সম্পর্কে ধারণা দেন জীম সরদার। অনুষ্ঠানে সোনামুখ স্মার্ট একাডেমির পরিচালক ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এ এম কামরুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের নৈতিক শিক্ষা, সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা এবং খেলাধুলার মাধ্যমে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সোনামুখ স্মার্ট একাডেমি সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে।” তিনি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট সকলের সার্বিক মঙ্গল কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও আনন্দঘন আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শারমিন ম্যাম। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে একাডেমি প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।ট্যাগস: শিক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, ডুমুরিয়া, খুলনা