লালমনিরহাটের কালীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রংপুরের ‘নিউ রূপসী বাংলা’ ক্লিনিকের পরিচালক ইউসুফ আলীর দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।
রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার কাকিনা কাচারি বাজার মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কাকিনা মহিমারঞ্জন স্মৃতি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন এলাকাবাসীর যৌথ উদ্যোগে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলে।
মানববন্ধনে শিক্ষার্থীরা ‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘আমার বোন নির্যাতিত কেন, প্রশাসন জবাব দাও’ ও ‘ধর্ষণমুক্ত সমাজ চাই’সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। এ সময় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও আন্দোলনরত শিক্ষার্থীরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, অভিযুক্ত ইউসুফ আলী (৪৫) তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর এলাকার মৃত আছমত আলীর ছেলে। গত ২০ আগস্ট স্কুলছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি বসতঘরে ঢুকে তাকে জোরপূর্বক শ্লীলতাহানি ও ধর্ষণ করেন বলে অভিযোগ। পরে মেয়েটির তীব্র রক্তক্ষরণ হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বক্তারা আরও বলেন, ঘটনার পরদিন ২১ আগস্ট ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় মামলা করা হলেও তিন দিন পেরিয়ে গেলেও প্রধান আসামিকে গ্রেফতার করা হয়নি। তাদের অভিযোগ, আসামি প্রভাবশালী হওয়ায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং মামলা তুলে নিতে ভুক্তভোগীর পরিবারকে হুমকি দিচ্ছেন।
অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান আন্দোলনকারীরা। অন্যথায় লালমনিরহাট জেলাজুড়ে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
পরে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। মামলাটির গুরুত্ব বিবেচনায় অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেন।