বরগুনা পৌর শহরে তিনটি হিন্দু পরিবারের বাড়িতে চিরকুট পাঠিয়ে ডাকাতির হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। আজ রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে গার্লস স্কুল সড়কে ওই তিন পরিবারের বাড়ির আঙিনায় পৃথক তিনটি চিরকুট পাওয়া যায়।
চিরকুটে সেদিনই বাড়িগুলোয় ডাকাতির কথা উল্লেখ করে পরিবারের সদস্যদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। এ ঘটনায় পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, গার্লস স্কুল সড়কে দীর্ঘদিন ধরে বসবাস করছেন হিন্দু সম্প্রদায়ের তিন ব্যবসায়ী পরিবার। রবিবার বিকাল সাড়ে ৩টার পর পরিবারের সদস্যরা বাড়ির আঙিনায় চিরকুটগুলো পড়ে থাকতে দেখেন। চিঠিতে লেখা ছিল, ‘আজ এই বাড়িতে ডাকাতি হবে, আপনারা সবাই রেডি থাকেন।’
হুমকির চিরকুট পাওয়া তিনটি বাড়ি হলো জুয়েল তালুকদার, অমল কৃষ্ণ তালুকদার ও শংকর তালুকদারের। চিরকুট পাওয়ার পর থেকে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অমল কৃষ্ণ তালুকদারের ছেলে রানা তালুকদার বলেন, ‘বিকাল সাড়ে ৩টার পর আমার স্ত্রী বাড়ির আঙিনায় বের হলে একটি চিরকুট পড়ে থাকতে দেখেন। সেটি খুলে ডাকাতির হুমকির কথা জানতে পারেন। একইভাবে পাশের আরও দুটি বাড়িতেও চিরকুট পাওয়া গেছে। এ ঘটনায় আমাদের পরিবারের সদস্যসহ অন্য দুই পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন। বিষয়টি সদর থানা পুলিশকে জানানো হয়েছে।’
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ওই এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
Aplikacija „Eye News BD”
Komentari 0