পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে—এমন অভিযোগ তুলে সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। কর্মসূচি থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহতের ঘোষণা দেন দলটির নেতারা।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে ভোমরা স্থলবন্দর ও জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। জেলা যুবদলের উদ্যোগে ভোমরা স্থলবন্দর বিজিবি ক্যাম্পের পাশ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও লিফলেট হাতে নিয়ে নেতাকর্মীরা বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে মিছিলটি ভোমরা স্থলবন্দর কাস্টম হাউজের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। এ সময় ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘হই হই রই রই, হাসিনা গেলি কই’ এবং ‘আওয়ামী লীগ গেলি কই, ছাত্রলীগ গেলি কই’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে সীমান্তবর্তী এলাকা।
সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদল নেতা আমিনুর রহমান আমিন, জেলা বিএনপির সিনিয়র নেতা আব্দুর রউফ, জেলা বিএনপির আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, জেলা যুবদলের সভাপতি হাফিজুর ইসলাম মুকুল ও সাধারণ সম্পাদক শফিকুর ইসলাম বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ৫ আগস্টের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। রাজনৈতিক পরিস্থিতি অশান্ত করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় যুবদলের নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ থাকবে।
শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে বক্তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, শেখ হাসিনা কোন সীমান্ত দিয়ে দেশে ফিরবেন, তা জানালে তার দেশে প্রবেশের পরিস্থিতি দেখতে চান তারা।
তারা আরও বলেন, ছাত্রলীগ ও যুবলীগের নামে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। ভোমরা স্থলবন্দরের গুরুত্বপূর্ণ এলাকায় এ কর্মসূচিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উপস্থিতি ও স্লোগানমুখর পরিবেশের সৃষ্টি হয়।
"Eye News BD" app
Mga komento 0