শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে লালমনিরহাট জেলা শহরের মিশনমোড় এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে অভিযান চালিয়ে ২০০টি জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা এসব নোটের মধ্যে ৫০০ টাকা মূল্যমানের ৭০টি এবং ২০০ টাকা মূল্যমানের ১৩০টি নোট রয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের উত্তর নবাবগঞ্জ এলাকার নূর আলম (৩৮) ও রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর (মধ্যচর) এলাকার শেখ ফরিদের ছেলে জুলফিকার আলী (২৭) ।
পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট থানা পুলিশের একটি দল মিশনমোড় এলাকার একটি হোটেলে অভিযান চালায়। এ সময় জুলফিকার আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তার সঙ্গে থাকা দুটি খাকি খাম তল্লাশি করে ৫০০ টাকা মূল্যমানের ৭০টি এবং ২০০ টাকা মূল্যমানের ১৩০টি জাল নোট উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুলফিকার জাল নোটের সরবরাহকারী হিসেবে নূর আলমের নাম জানালে, পরে অভিযান চালিয়ে তাকেও গ্রেপ্তার করে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় লালমনিরহাট থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫ক (খ) ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
“Eye News BD”应用
注释 0