ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টারঃ-জামালপুরের বকশীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা। শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গোয়ালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শয়তান বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এতে শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
মিছিলে নেতৃত্ব দেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম তালুকদার জুমান। এ সময় উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাইদুর রহমান লাল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাজন মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শোয়েব আল হাসান সজলসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিলকারীদের হাতে জ্বলন্ত মশাল দেখা যায়। এ সময় তাঁরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ও ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতির খবর পেয়ে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা সেখান থেকে চলে যান। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
'Eye News BD' app
Comments 0