অনিয়ম-দুর্নীতির তথ্য সাংবাদিকদের দেওয়ায় কলেজের ৪ প্রভাষককে শোকজ

****
Dela på Eidok
অনিয়ম-দুর্নীতির তথ্য সাংবাদিকদের দেওয়ায় কলেজের ৪ প্রভাষককে শোকজ
Foto: arkiv

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার এমপিওভুক্ত চৌমুহনী খুরশিদ হাইস্কুল অ্যান্ড কলেজে সাংবাদিকদের কাছে প্রতিষ্ঠানের অনিয়ম-সংক্রান্ত অভিযোগের কপি সরবরাহের অভিযোগে বিজ্ঞান শাখার ৪ প্রভাষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। ২৪ নভেম্বর ২০২৬ তারিখে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. মোহন মিয়ার স্বাক্ষরিত পৃথক নোটিশে তাঁদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়।

শোকজপ্রাপ্ত ৪ প্রভাষক হলেন—জীববিজ্ঞান বিভাগের আলমগীর হোসেন, ম্যানেজমেন্ট বিভাগের হাবিবুর রহমান, রসায়ন বিভাগের আকিবুর রহমান এবং পদার্থবিজ্ঞান বিভাগের নির্মল চন্দ্র বিশ্বাস।

নোটিশে উল্লেখ করা হয়, গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পরিচালনা কমিটির সভাপতির বরাবরে দেওয়া একটি অভিযোগপত্রের অনুলিপি কমিটির সিদ্ধান্ত জানানোর আগেই সাংবাদিকদের কাছে সরবরাহ করা হয়েছে। এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

তবে শোকজপ্রাপ্ত শিক্ষকদের অভিযোগ, প্রতিষ্ঠানের অন্য অনিয়ম আড়াল করতে এবং তাঁদের দাবিয়ে রাখতে পরিকল্পিতভাবে এ নোটিশ দেওয়া হয়েছে। কোন শিক্ষক কোন সাংবাদিকের কাছে অভিযোগপত্রের কপি সরবরাহ করেছেন, নোটিশে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি বলেও তাঁদের দাবি। তাঁদের প্রশ্ন, প্রায় ২ মাস আগের একটি ঘটনাকে কেন্দ্র করে এখন কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে?

শোকজপ্রাপ্ত শিক্ষক নির্মল চন্দ্র বিশ্বাস অভিযোগ করে বলেন, অধ্যক্ষ মোহন মিয়া এমপিওভুক্তির জন্য শিক্ষা সচিবকে দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছিলেন। কিন্তু পরে তিনি জানতে পারেন, ওই টাকা অধ্যক্ষের ছেলের বিকাশ অ্যাকাউন্টে জমা হয়েছে। টাকা ফেরত চেয়ে তিনি স্থানীয় চেয়ারম্যান প্রার্থী আফজাল শাহ লিটনের কাছে বিচার দেন। এরপর থেকেই তাঁকে ও অন্য শিক্ষকদের দুর্বল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ শোকজ দেওয়া হয়েছে বলে তাঁর অভিযোগ।

এদিকে, নোটিশে ৭ কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে সংশ্লিষ্ট শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উল্লেখ করে জবাব না দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

প্রসঙ্গত, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিদ্যালয়ের তহবিলের লাখ লাখ টাকা আত্মসাৎ, শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধে অনিয়ম, কলেজের দোকান ভাড়া এবং আয়-ব্যয়ের হিসাব-নিকাশে অনিয়মসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে একাধিক লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে অভিযোগগুলোর বিষয়ে এখনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগকারীদের দাবি।
শোকজের বিষয়ে জানতে চাইলে নবমনোনীত পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন বলেন, ‘তাঁরা অভিযোগের কপি সাংবাদিকদের কাছে দেবেন কেন? এটি অন্যায় করেছেন, সে কারণেই শোকজ করা হয়েছে। পরিচালনা কমিটির নিজস্ব ক্ষমতাবলে আমরা শোকজ করেছি।’
তবে শিক্ষকদের উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে ব্যবস্থা না নিয়ে সাংবাদিকদের কাছে অভিযোগপত্রের কপি সরবরাহ করাকে কেন অন্যায় বা সরকারি কর্মচারী আচরণবিধির লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে—এমন প্রশ্নের সুস্পষ্ট উত্তর দেননি তিনি।
অধ্যক্ষ মোহন মিয়ার কাছে জানতে চাইলে তিনি অভিযোগগুলোকে ‘ডাহা মিথ্যা’ বলে দাবি করেন। তিনি বলেন, ‘শোকজ পরিচালনা কমিটির সিদ্ধান্তে করা হয়েছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’
এ বিষয়ে মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক অভিযোগ আমার কাছে রয়েছে। তারা পড়াশোনার চেয়ে রাজনীতির দিকে বেশি মগ্ন। এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে বিএনপি নেতা ও স্থানীয় ব্যবসায়ী সোহেল মাহমুদ বলেন, ‘প্রতিষ্ঠানটিতে আওয়ামী লীগ সরকারের আমলেও অস্বচ্ছতা ছিল, এখনো তা বন্ধ হয়নি। আওয়ামী লীগ পদধারী নেতা এই অধ্যক্ষকে ব্যবহার করে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে । প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি ফিরিয়ে আনতে সংসদ সদস্য মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।’

মাধবপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক রাজিব দেব রাজু বলেন, ‘সাংবাদিকদের কাছে তথ্য দেওয়া কোনো অন্যায় হতে পারে না। এখানে তো অফিসিয়াল গোপনীয়তা লঙ্ঘনের বিষয় নেই। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা প্রত্যেক প্রতিষ্ঠানের দায়িত্ব। আমি আশাবাদী, শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংসদ সদস্য মহোদয় বিষয়টি হস্তক্ষেপ করবেন।’
প্রতিষ্ঠানের অনিয়মের অভিযোগ, শিক্ষকদের পাল্টা অভিযোগ এবং সাংবাদিকদের তথ্য দেওয়ার ঘটনায় শোকজ—সব মিলিয়ে চৌমুহনী খুরশিদ হাইস্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষার পরিবেশ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Inga kommentarer hittades