গ্রামীণ ঐতিহ্যের হাডুডুতে মাতল রইচপুর, ফাইনালে টিম সাকিবের জয়

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আহ্বান, মাঠে ৮ দলের লড়াই
Delen op Eidok
গ্রামীণ ঐতিহ্যের হাডুডুতে মাতল রইচপুর, ফাইনালে টিম সাকিবের জয়
Foto: archief

গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনা, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং স্থানীয় মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রইচপুরে অনুষ্ঠিত হয়েছে ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্ট। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে রইচপুর ব্রিজসংলগ্ন ফারুকের দোকানের পাশের মাঠে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা উপভোগ করতে মাঠ ও আশপাশে প্রায় দুই থেকে আড়াই হাজার দর্শকের সমাগম ঘটে।

‘খেলা হবে ঐক্যের শক্তিতে, গ্রামের মাঠে—খেলাধুলা সুস্থ সমাজের প্রতীক এবং মাদককে না বলি, শরীরচর্চার মাধ্যমে খেলাধুলাকে হ্যাঁ বলি’—এ স্লোগানকে সামনে রেখে স্থানীয় রইচপুর এলাকাবাসী এ টুর্নামেন্টের আয়োজন করে।

প্রতিযোগিতায় আটটি দল অংশ নেয়। দলগুলো হলো—টিম পলাশ, টিম সাকিব, টিম ফারুক, টিম আলম, টিম সাইদুল, টিম জনি, টিম ফরহাদ ও টিম শওকাত। প্রতিটি দলে ৯ জন করে মোট ৭২ জন স্থানীয় খেলোয়াড় নকআউট পদ্ধতির এ প্রতিযোগিতায় অংশ নেন।

টানটান উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কয়েকটি ম্যাচ শেষে ফাইনালে মুখোমুখি হয় টিম সাকিব ও টিম সাইদুল। শ্বাসরুদ্ধকর চূড়ান্ত লড়াইয়ে ২–১ ব্যবধানে টিম সাইদুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টিম সাকিব। ফাইনালে দুই দলের ৯ জন করে মোট ১৮ জন খেলোয়াড় মাঠে নেমে নিজেদের নৈপুণ্য প্রদর্শন করেন।

চ্যাম্পিয়ন টিম সাকিবের খেলোয়াড়দের মধ্যে ছিলেন নাজমুল হাসান মিঠু, হাসানুজ্জামান সবুজ, আল মাসুদ, মিলন হোসেন, মেহেদী হাসান রনি, আব্দুল আজিজ, ইমামুল হোসেন, বকুল হোসেন, ওবায়দুল্লাহ সিয়াম ও বুরহান হোসেন।

খেলা চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, আধুনিক বিনোদনের নানা মাধ্যমের ভিড়ে গ্রামীণ ঐতিহ্যের হাডুডু খেলাকে বাঁচিয়ে রাখা জরুরি। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে। বিশেষ করে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই।

তারা আরও বলেন, এ ধরনের স্থানীয় ক্রীড়া আয়োজন এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য বাড়ায়। হারিয়ে যেতে বসা গ্রামীণ খেলাধুলাকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে এমন উদ্যোগ নিয়মিত আয়োজন করা প্রয়োজন।

টুর্নামেন্টে মূল রেফারির দায়িত্ব পালন করেন আলহাজ্ব কবির হোসেন। খেলার পরিচালক ছিলেন আব্দুস সামাদ এবং সহকারী পরিচালক মুজাহিদ আল মাসুদ। উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করেন ফারুক হোসেন। ধারাবিবরণী ও তথ্য সম্প্রচারে ছিলেন মো. জাকির হোসেন।

এ ছাড়া সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন কামরুজ্জামান পলাশ, আলমগীর হোসেন, আব্দুল গনি, আব্দুর রউফ, আলহাজ্ব গোলাম মোস্তফা, আব্দুর রহিম ও মোখলেসুর রহমান মিলনসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্য।

স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বিপুল দর্শক সমাগমে টুর্নামেন্টটি রইচপুর এলাকায় পরিণত হয় এক মিলনমেলায়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকলে গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Sportnieuws আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 37 Views সদরপুরে ভলিবল ফাইনালে নগরকান্দার অনির্বাণ যুব সংঘ চ্যাম্পিয়ন Sportnieuws সদরপুরে ভলিবল ফাইনালে নগরকান্দার অনির্বাণ যুব সংঘ চ্যাম্পিয়ন 84 Views ১০ মাস পর বদলে গেল চ্যাম্পিয়ন, আদালতের রায়ে শিরোপা সেনেগালের Sportnieuws ১০ মাস পর বদলে গেল চ্যাম্পিয়ন, আদালতের রায়ে শিরোপা সেনেগালের 98 Views সেমিফাইনাল নিশ্চিতের পর শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা ‘এ’ দল Sportnieuws সেমিফাইনাল নিশ্চিতের পর শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা ‘এ’ দল 108 Views শেষ মুহূর্তের রোমাঞ্চে আফগান বধ, সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দল Sportnieuws শেষ মুহূর্তের রোমাঞ্চে আফগান বধ, সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দল 196 Views জনগাঁওকে ৩-১ গোলে হারিয়ে প্রমিলা প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন রাঙ্গাটুঙ্গী Sportnieuws জনগাঁওকে ৩-১ গোলে হারিয়ে প্রমিলা প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন রাঙ্গাটুঙ্গী 171 Views আন্তর্জাতিক আদালতের রায় কার্যকর ও রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে কঠোর হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর Sportnieuws আন্তর্জাতিক আদালতের রায় কার্যকর ও রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে কঠোর হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর 153 Views