বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার প্রত্যয় নিয়ে জাতীয় দৈনিক ‘রূপালী বাংলাদেশ’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে সাতক্ষীরায়। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নিয়ে পত্রিকাটির সাফল্য ও অগ্রযাত্রা কামনা করেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের একাংশের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বেলাল হোসেন। শুরুতে স্বাগত বক্তব্য দেন রূপালী বাংলাদেশের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আব্দুল মোমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দ্য ডেইলি স্টারের সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক দক্ষিণের মশাল-এর সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী এবং প্রেসক্লাবের একাংশের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান।
এ ছাড়া বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের একাংশের দপ্তর সম্পাদক ফরিদ হোসেন ময়না, একাত্তর টিভির সাতক্ষীরা প্রতিনিধি বরুণ ব্যানার্জী, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আহসানুর রহমান রাজিব, বাংলা নিউজ২৪-এর তানজির কচি, এনটিভির এস এম জিন্নাহ, যমুনা টিভির আকরামুল ইসলাম, দৈনিক সমকাল-এর কিশোর কুমার, দৈনিক কালবেলা-এর গাজী ফরহাদ, দৈনিক সাতনদ-এর আমিনুর রহমান এবং দৈনিক ভোরের চেতনার রমজান আলীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার মাত্র দুই বছরের মধ্যেই ‘রূপালী বাংলাদেশ’ বস্তুনিষ্ঠ, সাহসী ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক ও সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের কথা তুলে ধরার পাশাপাশি গণমানুষের কণ্ঠস্বর হিসেবে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তাঁরা আরও বলেন, সংবাদমাধ্যমের মূল শক্তি হচ্ছে সত্যনিষ্ঠা, পেশাদারিত্ব ও জনস্বার্থের প্রতি দায়বদ্ধতা। এসব ক্ষেত্রে আপসহীন থেকে রূপালী বাংলাদেশ আগামী দিনেও সাহসী সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে পত্রিকাটির সাতক্ষীরা জেলা প্রতিনিধি আব্দুল মোমিনের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন বক্তারা।
অনুষ্ঠানের শুরুতে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপালী বাংলাদেশের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আব্দুল মোমিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে বক্তারা প্রত্যাশা করেন, সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে ‘রূপালী বাংলাদেশ’ আগামী শত বছরও পাঠকের আস্থা ও ভালোবাসার প্রতিষ্ঠান হিসেবে টিকে থাকবে।
সবশেষে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0