বিয়ের ১০ বছর পরও যৌতুকের দাবি, স্ত্রী নির্যাতনে স্বামীর কারাদণ্ড

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন: স্বামীর ২ বছর জেল, বাবা-মা খালাস
اشتراک‌گذاری در Eidok
বিয়ের ১০ বছর পরও যৌতুকের দাবি, স্ত্রী নির্যাতনে স্বামীর কারাদণ্ড
عکس: گردآوری‌شده

যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাগুরা বিচারিক আদালতের চতুর্থ শ্রেণির কর্মচারী সাইফুল শেখকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ মামলায় তাঁর বাবা ও মাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

গত ১০ নভেম্বর সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাইফুল শেখ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত সাইফুল শেখ মাগুরা সদর উপজেলার নান্দুয়ালী গ্রামের আব্দুল মোমিন শেখের ছেলে। তিনি মাগুরা বিচারিক আদালতের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত রয়েছেন।

মামলার এজাহার ও আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৭ জুলাই সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়া এলাকার আব্দুল করিম চঞ্চলের মেয়ে সাদিয়া সারমিন মুন্নীর সঙ্গে সাইফুল শেখের বিয়ে হয়। বিয়েতে ৭৫ হাজার এক টাকা দেনমোহর নির্ধারণ করা হয়। এ ছাড়া যৌতুক হিসেবে নগদ দুই লাখ টাকা এবং ৩১ হাজার টাকা মূল্যের দুটি সোনার আংটি দেওয়া হয়। তাঁদের সংসারে লাইছা ইসলাম নামে একটি সন্তান রয়েছে।

অভিযোগ অনুযায়ী, বিয়ের কিছুদিন পর থেকেই সাইফুল তাঁর বাবা-মায়ের পরামর্শে আরও দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। এ নিয়ে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন তিনি। একপর্যায়ে ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর মুন্নীকে নির্যাতনের পর সন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে তিনি সাতক্ষীরায় বাবার বাড়িতে অবস্থান করতে থাকেন।

মামলার বিবরণে আরও বলা হয়, দীর্ঘদিন স্ত্রী ও সন্তানের খোঁজখবর না নেওয়ার পর ২০১৭ সালের ২০ অক্টোবর সাইফুল তাঁর বাবা আব্দুল মোমিন শেখ ও মা ছিয়ারুল বেগমকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে যান। সেখানে দুপুরের খাবার শেষে বিশ্রামের একপর্যায়ে বিকেল ৩টার দিকে মুন্নীকে পাশের একটি ঘরে ডেকে নিয়ে আবারও দুই লাখ টাকা যৌতুক দাবি করেন।

মুন্নী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সাইফুল কাঠের খণ্ড দিয়ে তাঁকে মারধর করেন। একপর্যায়ে তাঁর বাবা-মায়ের সহযোগিতায় স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন। গুরুতর আহত অবস্থায় মুন্নীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ২০১৭ সালের ২৩ অক্টোবর মুন্নী বাদী হয়ে স্বামী সাইফুল শেখ, শ্বশুর আব্দুল মোমিন শেখ ও শাশুড়ি ছিয়ারুল বেগমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালত মামলাটি এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। পরে ১৮ নভেম্বর সদর থানায় মামলাটি ৪১ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়।

মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ২৭ জানুয়ারি সদর থানার উপপরিদর্শক (এসআই) রশিদুজ্জামান তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করা হয়। পরে ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর সাইফুল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলার নথিপত্র, সাক্ষীদের জবানবন্দি ও জেরা পর্যালোচনা করে আদালত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ সাইফুল শেখের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণিত বলে সিদ্ধান্ত দেন। এর ভিত্তিতে গত ১০ নভেম্বর বিচারক মো. জাকারিয়া হোসেন তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি সাইফুলের বাবা আব্দুল মোমিন শেখ ও মা ছিয়ারুল বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) কামরুজ্জামান ভূট্টো ও অ্যাডভোকেট আব্দুল মজিদ।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক নজমুল হুদা জানান, সাজাপ্রাপ্ত সাইফুল শেখকে কারাগারে পাঠানো হয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

নাছিমাকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও শ্যালকের মৃত্যুদণ্ড قانون-دادگاه নাছিমাকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও শ্যালকের মৃত্যুদণ্ড 53 Views নারায়ণগঞ্জ সাত খুন: র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য প্রকাশ, বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন قانون-دادگاه নারায়ণগঞ্জ সাত খুন: র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য প্রকাশ, বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন 68 Views অসুস্থ মাকে দেখতে ১৮ বছর পর প্যারোলে মুক্ত মোংলার বাদল قانون-دادگاه অসুস্থ মাকে দেখতে ১৮ বছর পর প্যারোলে মুক্ত মোংলার বাদল 68 Views রাণীশংকৈলে ৫৮ শতাংশ জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ قانون-دادگاه রাণীশংকৈলে ৫৮ শতাংশ জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ 186 Views ‘চাঁদা না দিলে প্রাণে বাঁচতে দেব না’—ঝাউডাঙ্গায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলনে নিরাপত্তার দাবি قانون-دادگاه ‘চাঁদা না দিলে প্রাণে বাঁচতে দেব না’—ঝাউডাঙ্গায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলনে নিরাপত্তার দাবি 137 Views মেজর জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুম-হত্যার অভিযোগ: রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে 'দানবীয়' নৃশংসতার বর্ণনা قانون-دادگاه মেজর জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুম-হত্যার অভিযোগ: রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে 'দানবীয়' নৃশংসতার বর্ণনা 191 Views সাতক্ষীরায় ১৪ কার্টন জেলি পুশ চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা قانون-دادگاه সাতক্ষীরায় ১৪ কার্টন জেলি পুশ চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা 118 Views