আওয়ামী লীগ নিয়ে ‘মায়াকান্না’ করার অভিযোগ তুলে বিএনপি নেতা ফজলুর রহমানকে ইংরেজিতে ‘ব্লাডি ইমবেসাইল’ (চরম মাত্রার নির্বোধ) বলে আক্রমণ করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান। শুধু কটাক্ষ করেই থামেননি তিনি; ফজলুর রহমানের সাম্প্রতিক বক্তব্যকে ‘সম্পূর্ণ মিথ্যা’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার দাবিও জানিয়েছেন।
গত ২৩ নভেম্বর অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলমের একটি ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে ইংরেজিতে দেওয়া দীর্ঘ মন্তব্যে এসব কথা বলেন নাসের রহমান। তাঁর মন্তব্যে ইংরেজির পাশাপাশি বাংলায় ‘মায়াকান্না’ ও ‘ফজু পাগলা’ শব্দ দুটি ব্যবহার করা হয়েছে।
নাসের রহমানের সম্পূর্ণ ইংরেজি মন্তব্যটি হলো—“Bloody imbecile of the highest order!! He is increasingly turning into a nuisance and embarrassment for the govt. ! He seems to be having মায়া কান্না for his old party’s impending final oblivion !! He should be show-caused by the Home Minister to submit his utterly false claims !! Bottom Line is : some police personnel may have been killed during the mass uprising to stop them from merciless killings they were perpetrating against the unarmed civilian demonstrators. This is last resort that Autocrats perpetrate in order to cling onto their beloved power !! Wonder what answer does Fazu পাগলা have for this naked fact !!”

মন্তব্যের শুরুতেই ফজলুর রহমানকে তীব্র ভাষায় আক্রমণ করেন নাসের রহমান। তিনি লেখেন, ফজলুর রহমান ক্রমেই সরকারের জন্য বিরক্তিকর ও বিব্রতকর ব্যক্তিতে পরিণত হচ্ছেন। নিজের পুরোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের আসন্ন চূড়ান্ত বিলুপ্তি নিয়ে তিনি ‘মায়াকান্না’ করছেন বলেও মন্তব্য করেন নাসের রহমান।
ফজলুর রহমানের সাম্প্রতিক বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা দাবি করে নাসের রহমান বলেন, এসব বক্তব্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া এবং তাঁর কাছে ব্যাখ্যা চাওয়া।
নাসের রহমানের মন্তব্যের গুরুত্বপূর্ণ অংশে উঠে এসেছে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় পুলিশ সদস্যদের মৃত্যুর প্রসঙ্গ। তাঁর বক্তব্য অনুযায়ী, গণ-অভ্যুত্থানের সময় কিছু পুলিশ সদস্য নিহত হয়ে থাকতে পারেন। তবে নিরস্ত্র বেসামরিক বিক্ষোভকারীদের ওপর পুলিশের চালানো প্রাণঘাতী হামলা বন্ধ করার পরিস্থিতিতেই এসব ঘটনা ঘটে থাকতে পারে।
তিনি আরও লেখেন, ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে স্বৈরাচারী শাসকেরা শেষ অবলম্বন হিসেবে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে থাকে।
মন্তব্যের শেষাংশে ফজলুর রহমানকে ‘ফজু পাগলা’ সম্বোধন করে নাসের রহমান প্রশ্ন তোলেন, এই ‘নগ্ন বাস্তবতার’ জবাব তাঁর কাছে কী?
ফজলুর রহমানের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে। বিশেষ করে জুলাইয়ের গণ-অভ্যুত্থান, ছাত্র-জনতার ভূমিকা, পুলিশের ভূমিকা এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তাঁর বক্তব্যের বিভিন্ন দিক নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
এমন পরিস্থিতিতে নাসের রহমানের প্রকাশ্য এই আক্রমণ বিএনপির অভ্যন্তরীণ মতপার্থক্যকে নতুন করে সামনে নিয়ে এসেছে। আওয়ামী লীগ প্রশ্নে রাজনৈতিক অবস্থান এবং জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মূল্যায়ন নিয়ে দলের নেতাদের বক্তব্যের পার্থক্যও আলোচনায় এসেছে।
একজন সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যের পক্ষ থেকে দলের আরেক নেতাকে এভাবে প্রকাশ্যে আক্রমণ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার দাবি রাজনৈতিক অঙ্গনে বাড়তি তাৎপর্য তৈরি করেছে।
তবে এ বিষয়ে ফজলুর রহমানের বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া গেলে বিতর্কের অপর পক্ষের অবস্থানও স্পষ্ট হবে।
Aplikacija „Eye News BD”
Komentari 0