সাতক্ষীরার কালিগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে এক রাজমিস্ত্রি ও নবম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তাদের উদ্ধার করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়েছেন আরও একজন। আশঙ্কাজনক অবস্থায় তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার তারালি ইউনিয়নের বরেয়া গ্রামের সরদার পাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বরেয়া গ্রামের সোনা সরদারের ছেলে রাজমিস্ত্রি মহানন্দ সরকার (২৫) এবং একই গ্রামের মনিপাড়ার ছেলে আরাফাত হোসেন (১৫)। আরাফাত স্থানীয় বরেয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
অসুস্থ ব্যক্তি হলেন একই গ্রামের এরশাদ আলীর ছেলে ও তারালি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বেশ কিছুদিন আগে বরেয়া গ্রামের হাতেম আলী সরদার তাঁর বাড়িতে একটি নতুন সেপটিক ট্যাংক নির্মাণ করেন। মঙ্গলবার দুপুরে রাজমিস্ত্রি মহানন্দ সরকার ট্যাংকের ভেতরে জমে থাকা সেন্টারিংয়ের তক্তা খুলতে নামেন। এ সময় বিষয়টি দেখতে গিয়ে স্কুলছাত্র আরাফাতও ট্যাংকের ভেতরে নামে। কিছুক্ষণের মধ্যেই বিষাক্ত গ্যাসের প্রভাবে দুজনই অচেতন হয়ে পড়েন এবং সেখানেই তাদের মৃত্যু হয়।
দীর্ঘক্ষণ ধরে ট্যাংকের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তাদের উদ্ধারে এগিয়ে আসেন গোলাম হোসেন। তিনি ট্যাংকের ভেতরে নামার চেষ্টা করলে সেখানকার বিষাক্ত গ্যাসে তিনিও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে অল্প বয়সী স্কুলছাত্রের এমন মর্মান্তিক মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0