
মোঃ ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি, ঝালকাঠি
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা বাড়ির জমি নিয়ে আপন ভাইদের বিরুদ্ধে গাছপালা কেটে ফেলা এবং উঠানের মাঝখানে বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু সমাধান ও প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী হোসনেয়ারা বেগম নামে এক নারী।
রোববার (২২ নভেম্বর) সাংবাদিকদের কাছে অভিযোগ জানিয়ে হোসনেয়ারা বেগম জানান, কাঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভায়লাবুনিয়া গ্রামে তাঁদের বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
তাঁর দাবি, প্রায় ৬০ বছর ধরে তাঁরা ওই জমি ভোগদখল করে আসছেন। সম্প্রতি তাঁর আপন ভাই নাসির হাওলাদার ও ছগির হাওলাদার জমি দখলের উদ্দেশ্যে সেখানকার গাছপালা কেটে ফেলেছেন এবং বাড়ির উঠানের মাঝখানে বেড়া দিয়েছেন।
হোসনেয়ারা বেগম আরও বলেন, তাঁর বাবার বাড়ি ও স্বামীর বাড়ি একই বাড়িতে হওয়ায় দীর্ঘদিন ধরে তাঁরা সেখানে বসবাস ও জমি ভোগদখল করে আসছেন।
উদ্ভূত পরিস্থিতিতে তিনি বিষয়টির সুষ্ঠু সমাধান ও প্রতিকার দাবি করেছেন।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, বাড়ির জমিজমা নিয়ে বিরোধের কথা তাঁরা শুনেছেন। তবে বিরোধের প্রকৃত কারণ কিংবা জমির মালিকানা সম্পর্কে তাঁরা বিস্তারিত জানেন না।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত নাসির হাওলাদার বলেন, “আমরা দখল করার জন্য উঠানে বেড়া দিইনি। আমরা বেড়া দিয়েছি, যাতে সালিশি ব্যবস্থা বসানো যায়।”
Aplikacija „Eye News BD”
Komentari 0