ইয়াছিন কবির:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আব্দুস সামাদ। দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই নেতা দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ উপলক্ষে ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, সমাজসেবক ও স্থানীয় মুরুব্বিরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মির্জা আব্দুস সামাদের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে তিনি উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন।
পরে মোটরসাইকেল, হাইয়েস ও সিএনজিযোগে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে সঙ্গে নিয়ে সিরাজগঞ্জ পৌর শহরের ভাসানী মিলনায়তনের উদ্দেশে রওনা হন। এ সময় নেতাকর্মীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। মির্জা আব্দুস সামাদকে ঘিরে নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো সড়ক। নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো যাত্রায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পরে বেলা ১২টার দিকে পৌর ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দের কাছ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন মির্জা আব্দুস সামাদ।
মনোনয়ন ফরম সংগ্রহের পর মির্জা আব্দুস সামাদ বলেন, দলের দুঃসময়ে আমি বিএনপির পাশে ছিলাম। প্রতিকূল পরিস্থিতিতেও দলের আদর্শ ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজনীতি করেছি। অতীতেও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হয়েছিল, কিন্তু আওয়ামী লীগের আমলে আমাকে ইচ্ছাকৃতভাবে পরাজিত করা হয়েছিল বলে আমি মনে করি। এবার জনগণের প্রত্যাশা পূরণ এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিতে চাই।
তিনি আরও বলেন, ভদ্রঘাট ইউনিয়নের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। দল-মত নির্বিশেষে ইউনিয়নের সাধারণ মানুষ আমাকে ভালোবাসেন। আমি সবসময় মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। বিএনপি আমাকে দলীয় মনোনয়ন দিলে ইউনিয়নের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করব। ইনশাআল্লাহ, নির্বাচিত হতে পারলে ভদ্রঘাট ইউনিয়নকে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। দল আমাকে মনোনয়ন দিয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলে এই ইউনিয়ন বিএনপিকে উপহার দিতে সর্বোচ্চ চেষ্টা করব।
তিনি দলের নেতাকর্মী ও ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, পাঁচ ধাপে সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে কামারখন্দ উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন দ্বিতীয় ধাপে আগামী ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0