রাণীশংকৈলে আজ সন্ত্রাস, অগ্নিসংযোগ, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে ছাত্রদল। বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিটে পৌর শহরের পলাশ চত্বর থেকে এ মিছিল বের হওয়ার কথা রয়েছে। বিষয়টি জানিয়েছেন ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সদস্য আহানাজ আহাম্মেদ আরিফ।
এক বিবৃতিতে আহানাজ আহাম্মেদ আরিফ বলেন, দেশে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রদল রাজপথে থেকে প্রতিবাদ জানাবে। তিনি রাণীশংকৈল আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের প্রতি উসকানিমূলক বক্তব্য ও কটূক্তিমূলক পোস্ট দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানান।
মিছিলে রাণীশংকৈল উপজেলা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
আহানাজ আহাম্মেদ আরিফ বলেন, ‘সন্ত্রাস নয়, শান্তি চাই; নৈরাজ্য নয়, আইনের শাসন চাই।’ শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ প্রতিবাদের মাধ্যমে জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
Ứng dụng "Eye News BD"

Bình luận 0