সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলে আশরাফুল ইসলামের (২২) বিরুদ্ধে। এ ঘটনায় ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত বৃদ্ধার নাম মতিফুল নেছা। হত্যার পর তাঁর গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের মালা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে রাত ১০টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে মতিফুল নেছার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার অন্য দুজন হলেন আশরাফুলের বন্ধু ও প্রতিবেশী রহিম উদ্দিন এবং চোরাই স্বর্ণ কেনার অভিযোগে আব্দুল জলিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সেবনের জন্য টাকা প্রয়োজন হওয়ায় আশরাফুল তাঁর মায়ের কাছে টাকা চান। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে আশরাফুল ও তাঁর বন্ধু রহিম উদ্দিন মিলে মায়ের গলার এক ভরি ওজনের স্বর্ণের মালা ছিনিয়ে নেন। এ সময় তাঁকে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে বাড়িতে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।
পরে ছিনিয়ে নেওয়া স্বর্ণের মালাটি উপজেলার মৈত্র বড়হর গ্রামের আব্দুল জলিলের কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করেন তাঁরা। চোরাই স্বর্ণ কেনার অভিযোগে আব্দুল জলিলকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বর্ণের মালা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই আশরাফুল তাঁর মাকে হত্যা করেছেন। হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে রহিম উদ্দিন এবং চোরাই স্বর্ণ কেনার অভিযোগে আব্দুল জলিলসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। নেশার টাকা জোগাড় করতেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
'Eye News BD' uygulaması
Yorumlar 0