মঙ্গলবার বিকেলে ভাঙ্গা দক্ষিণপাড়া বাসস্ট্যান্ডের বিএনপি কার্যালয় থেকে শুরু হওয়া এ র্যালিতে কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালির নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। এতে উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
র্যালিটি ভাঙ্গা-ঢাকা মাওয়া মহাসড়কসহ ভাঙ্গা-শিবচর, ভাঙ্গা-মুকসুদপুর ও ভাঙ্গা-নগরকান্দা সীমান্তবর্তী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ঝাটুরদিয়া বাজার এলাকা ঘুরে দক্ষিণপাড়া বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই ভাঙ্গা উপজেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করেছে।
তিনি আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
এ সময় ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Appen „Eye News BD“
Kommentarer 0