মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে এক মাছের আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ২০০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়।সোমবার (১৬ নভেম্বর) সকালে মাধবপুর বাজারের কাটিয়ারা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়। অভিযানে মনি মুক্তা মৎস্য আড়তের মালিক প্রমোদ দাসকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন ব্যক্তি মাছ কিনতে গিয়ে ওই আড়তে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি হতে দেখেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হলে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সুকোমল ভট্টাচার্য ঘটনাস্থলে পৌঁছান।খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় প্রায় ২০০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। পরে উপজেলা মৎস্য দপ্তরের তত্ত্বাবধানে জব্দ করা মাছ মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা ও ফিল্ড অ্যাসিস্ট্যান্ট শরিফ উদ্দিন উপস্থিত ছিলেন।এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় বলেন, নিষিদ্ধ পিরানহা মাছের বিক্রি ও বাজারজাতকরণ বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
تعليقات 0