ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আসরে অভিযান চালিয়ে ফারদিন এহসান রাতুল (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসরে জড়ো হওয়া অন্যরা পালিয়ে যান। গ্রেফতার যুবকের মুঠোফোনে অনলাইন জুয়া খেলার ১৩ পাতার স্ক্রিনশট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে জুয়া প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় তাঁকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে রোববার (১৫ নভেম্বর) রাত ৩টা ৫০ মিনিটের দিকে উপজেলার মাইজবাগ ইউনিয়নের চরশংকর গ্রামে মানিক ভূঁইয়ার বাড়ির পেছনের একটি ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাতুল চরশংকর গ্রামের মাইনুদ্দিন ভূঁইয়া ও জাকিয়া সুলতানা দম্পতির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রাত্রীকালীন টহল ও বিশেষ অভিযান পরিচালনার সময় রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হারুয়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পান ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মুকুল সরকার। খবর ছিল, চরশংকর গ্রামের ওই ফাঁকা জায়গায় কয়েকজন অনলাইন জুয়া খেলার উদ্দেশ্যে জড়ো হয়েছেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি জানিয়ে তাঁর নির্দেশনায় সেখানে অভিযান চালানো হয়।
পুলিশের দাবি, ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ায় জড়িত ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় রাতুলকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর দেহ তল্লাশি করে পরিহিত জিনসের প্যান্টের ডান পকেট থেকে কালো রঙের একটি ভিভো ভি-৩০ মডেলের মুঠোফোন উদ্ধার করা হয়। ওই ফোনে অনলাইন জুয়া খেলার ১৩ পাতার স্ক্রিনশট পাওয়া গেছে।
এ ঘটনায় ১৫ নভেম্বর ঈশ্বরগঞ্জ থানায় জুয়া প্রতিরোধ আইন-২০২৬ অনুযায়ী একটি মামলা হয়েছে। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে থানা পুলিশ তৎপর রয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
Приложение «Eye News BD»
Комментарии 0